মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
শ্রেয়াসের প্রথম সেঞ্চুরি, ৩২ বল হাতে রেখেই জয় ভারতের
হোম » খেলা » শ্রেয়াসের প্রথম সেঞ্চুরি, ৩২ বল হাতে রেখেই জয় ভারতের![]()
সাগরকন্যা খেলা ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অধিনায়কত্বের অভিষেককে স্মরণীয় করে রাখলেন শ্রেয়াস আইয়ার। লক্ষ্ণৌয়ে সিরিজের প্রথম ম্যাচে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখেই জয় পায় ভারত। শ্রেয়াস ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। রোস্টন চেজের করা পরের বলেই ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
ভারতের ইনিংসের ৩.৩ ওভারে স্কোর ছিল ৩৫ রানে ২ উইকেট। দুই ওপেনারকে হারানোর পর তিনে নামা ঈশান কিষানকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর ঝড় তোলেন শ্রেয়াস। ২৮ বলে ফিফটি পূর্ণ করার সময় তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার। এরপর মাত্র ১৪ বলের মধ্যে ৬টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মধ্যে ম্যাথু ফোর্ডের করা ১৪তম ওভারেই মেরেছেন তিনটি ছক্কা।
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন শ্রেয়াস। এ সংস্করণে তাঁর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮০ রানের। শ্রেয়াসের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়া ঈশান কিষান ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে শ্রেয়াসের ব্যাটিংয়ের দারুণ ধারাবাহিকতাও এ ম্যাচে দেখা গেছে। আইপিএল ও জাতীয় দলের হয়ে এই মাঠে পাঁচ ম্যাচ খেলে মাত্র একবার আউট হয়েছেন তিনি। একানায় টানা দুটি সেঞ্চুরি করা শ্রেয়াসের স্ট্রাইক রেট ২০০.৫৯।
এর আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৭১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ ৩৭ বলে ৫২ এবং শেরফান রাদারফোর্ড ৩৪ বলে ৫৬ রান করেন। ভারতের অভিষিক্ত অফ স্পিনার নমন ধীর ৩১ রানে নেন ৩ উইকেট।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার রাঁচিতে।
বাংলাদেশ সময়: ২৩:২০:১৩ ● ১১ বার পঠিত
