মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

গলাচিপায় ২৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা

হোম » পটুয়াখালী » গলাচিপায় ২৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

গলাচিপায় ২৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

 

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। এরই মধ্যে মহালয়ার আগমনী সুরে পটুয়াখালীর গলাচিপায় বইতে শুরু করেছে শারদীয় দুর্গোৎসবের হাওয়া। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমার গায়ে মাটির প্রলেপ শুকাচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। রং-তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত কারিগরেরা।

 

এবার গলাচিপা পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে ২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে পৌরসভা এলাকায় চারটি এবং ইউনিয়নগুলোতে ২২টি মণ্ডপ রয়েছে। পূজার দিন যত ঘনিয়ে আসছে, মণ্ডপগুলোতে ততই বাড়ছে ব্যস্ততা।

 

বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রায় এক মাস ধরে চলছে প্রতিমা তৈরির কাজ। বাঁশ, কাঠ ও খড় দিয়ে তৈরি কাঠামোর ওপর দেওয়া হয়েছে মাটির প্রলেপ। কয়েক দফা মাটি দেওয়ার পর ফুটে উঠেছে প্রতিমার অবয়ব। এখন চলছে মুখাবয়ব, অলংকার ও অন্যান্য সূক্ষ্ম কাজ। এরপর রং-তুলির আঁচড়ে প্রতিমা পাবে পূর্ণাঙ্গ রূপ।

 

প্রতিমাশিল্পীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাদের দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। প্রতিমার আকার ও কারুকাজের ধরন অনুযায়ী একটি প্রতিমা তৈরিতে ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকার বেশি পারিশ্রমিক নেওয়া হয়। দুর্গাপূজার মৌসুমে একজন মৃৎশিল্পী সাধারণত আট থেকে ১০টি প্রতিমা তৈরির কাজ করেন।

 

কারিগরদের নিপুণ হাতে মাটির অবয়ব ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে। কোথাও চলছে মাটির শেষ প্রলেপ শুকানোর কাজ, কোথাও প্রতিমা অপেক্ষা করছে রং-তুলির শেষ আঁচড়ের। পাশাপাশি মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।

 

মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ শুরু হয়েছে। এখন প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় ও মণ্ডপসজ্জার কাজ শেষ হওয়ার অপেক্ষা। এরপর ঢাকের বাদ্য, ধূপের গন্ধ আর আলোকসজ্জায় মুখর হয়ে উঠবে গলাচিপার পূজামণ্ডপগুলো।

 

মৃৎশিল্পীদের ব্যস্ত হাতে যে প্রস্তুতির শুরু, তা পূর্ণতা পাবে দেবীর বোধন, আরাধনা ও মানুষের আনন্দ-উৎসবের মধ্য দিয়ে। শরতের নির্মল আকাশের নিচে গলাচিপায় এখন অপেক্ষা শারদীয় দুর্গোৎসবের।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৫৯ ● ২২ বার পঠিত