সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

হোম » বরিশাল » বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়ায় অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৫ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জিয়াউল হক মিন্টু, কোষাধ্যক্ষ মো. ফারুক সরদার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনির হোসেন, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহিদ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি মহসিন রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাসেল মাল, ব্রাহ্মণবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন বড়াল, শিয়ালকাঠী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বেপারী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

 

এর আগে তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তারা। ওই দিন আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে শুনানির তারিখ পিছিয়ে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়। সোমবার শুনানি শেষে আদালত আবারও তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে রবিবার (৪ অক্টোবর) একই মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদনও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মামলার বিবরণে জানা যায়, গত ২১ জুন বানারীপাড়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠন বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মো. রাসেল তার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় বরিশাল-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনিসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

 

পরে মামলার এজাহারভুক্ত আসামি মো. জিয়াউল হক মিন্টুসহ ১০ জন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। হাইকোর্ট তাদের ছয় সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেন।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫১:১১ ● ২৮ বার পঠিত