সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
নেছারাবাদে ইউএনওর সঙ্গে ত্রিধারা নৃত্য একাডেমির সৌজন্য সাক্ষাৎ
হোম » পিরোজপুর » নেছারাবাদে ইউএনওর সঙ্গে ত্রিধারা নৃত্য একাডেমির সৌজন্য সাক্ষাৎ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘ত্রিধারা নৃত্য একাডেমি’র নৃত্য পরিচালক মুগ্ধ হাওলাদার ও নৃত্যশিল্পীরা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে মুগ্ধ হাওলাদারের নেতৃত্বে সংগঠনের সদস্য ও নৃত্যশিল্পীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও আশিক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁদের পরিচয়, একাডেমির কার্যক্রম, নৃত্যচর্চা এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে সংগঠনের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।
এ সময় ইউএনও আশিক আহমেদ বলেন, একটি সমাজের সুস্থ ও সুন্দর বিকাশে সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। নেছারাবাদে সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে ‘ত্রিধারা নৃত্য একাডেমি’র মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও ভালো ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ থাকলে তা করা হবে।
তিনি নজরুল জয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নেছারাবাদ থেকে সাজরী হাসান নৃত্যে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে সুযোগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
নৃত্য পরিচালক মুগ্ধ হাওলাদার বলেন, ‘ত্রিধারা নৃত্য একাডেমি’ নেছারাবাদে শিশু-কিশোরদের নৃত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই তাঁদের কার্যক্রমের মূল লক্ষ্য। ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাঁদের জন্য আনন্দের ও উৎসাহব্যঞ্জক। তাঁর পরামর্শ ও সহযোগিতা সাংস্কৃতিক কার্যক্রম আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
সাক্ষাৎকালে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং নৃত্যশিল্পীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন একাডেমির সদস্যরা। পরে তাঁরা ইউএনও আশিক আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩১ ● ২০ বার পঠিত
