সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত

হোম » পিরোজপুর » কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

এটি একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে একটি কালো রঙের কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কচুয়াকাঠী, কুমিয়ান, বলভদ্রপুরসহ বিভিন্ন এলাকায় কুকুরটি লোকজনকে কামড়ায়।

 

আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার।

 

আহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উত্তর বাজারের প্রদীপ (১২), কচুয়াকাঠীর আকাশ হালদার (১১), আব্দুল্লাহ (১৩), রাইসা (৭), মাহিরা (১২), কুমিয়ান গ্রামের সিরাজুল (৩), বলভদ্রপুরের অপ্রনীল (৮) ও হেমায়েত (৬২)।

 

স্থানীয়রা জানান, রবিবার সকালে কচুয়াকাঠী এলাকায় একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। একপর্যায়ে সেটি হঠাৎ লোকজনকে কামড়াতে শুরু করে। পরে কুমিয়ান, বলভদ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও কুকুরটি কয়েকজনকে কামড়ায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

 

বলভদ্রপুর গ্রামের বাসিন্দা হেমায়েত বলেন, ‘বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি কালো কুকুর হঠাৎ আমার পায়ে কামড় দেয়। পরে জানতে পারি, কুকুরটি আরও অনেককে কামড়েছে।’

 

দাশেরকাঠী গ্রামের মাহামুদুল হাসান মাহামুদ বলেন, ‘প্রতিদিন আমাদের এলাকায় শিশুসহ হাঁস, মুরগি ও ছাগল আক্রান্ত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে।’

 

স্থানীয়রা কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:০২:১৮