রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
বরিশাল-মাদারীপুরের সেই বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা
হোম » লিড নিউজ » বরিশাল-মাদারীপুরের সেই বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
বরিশালের গৌরনদী ও মাদারীপুরের কালকিনি সীমান্তবর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ডে সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনার পর দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। শালিস বৈঠকের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করে উভয় পক্ষ পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করেছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন স্থানীয় একটি মাঠে এ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান মাহমুদ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, বিরোধে জড়িত দুই পক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের উপস্থিতিতে বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে ভূরঘাটা বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালকিনি ও গৌরনদীর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় বাসস্ট্যান্ডের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি লোকাল বাসের টিকিট কাটাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনার জের ধরে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
শালিস বৈঠকে বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হওয়ায় দুই এলাকার মানুষের মধ্যে আবারও স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে।
বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে কোনো ধরনের বিরোধে না জড়িয়ে পরস্পরের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার অঙ্গীকার করেন।
বাংলাদেশ সময়: ১৯:০০:৫৫ ● ২৫ বার পঠিত
