রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
মাদকের বিস্তার রোধে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা এ সভার আয়োজন করে। আয়োজকদের ভাষ্য, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ আলেম-ওলামা এতে অংশ নেন। মাদকের প্রভাব ও বিস্তার রোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল সভার মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় ধরনের হুমকি।’
তিনি বলেন, ‘একটি এলাকার মানুষের সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত যোগাযোগ থাকে। ফলে মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে পরিবার ও তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।’
সভায় মাদকবিরোধী জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতা, জাতীয়তাবাদী ওলামা দল এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামারা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৯ ● ২২ বার পঠিত
