রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
কয়রায় বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি
হোম » খুলনা » কয়রায় বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় আদালতে মামলা বিচারাধীন এবং নিষেধাজ্ঞা থাকার পরও বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মজিবার রহমান শেখের ছেলে বিল্লাল হোসেন বলেন, রবিবার সকাল ৭টার দিকে একই গ্রামের মোহাম্মদ বাউলিয়ার ছেলে আরাফাত হোসেন ও হুদা গাইনের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি তাদের বসতবাড়িতে প্রবেশ করেন। এরপর তারা বসতঘর ভাঙচুর করে পরিবারের সদস্যদের উচ্ছেদ করে জমি দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।
বিল্লাল হোসেনের দাবি, ঘরবাড়ি ভাঙচুরের পর উচ্ছেদ করা জমিতে নতুন ঘর নির্মাণ করে দখল পাকাপোক্ত করার চেষ্টা চলছে।
তিনি জানান, বিতর্কিত জমি নিয়ে সুপ্রিম কোর্টে নিলাম রোধ এবং কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উচ্ছেদসংক্রান্ত মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় এভাবে জমি দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বিল্লাল হোসেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৮ ● ২৯ বার পঠিত
