রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
সুন্দরবনের কটকায় রাতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, পাল্টা গুলিতে পণ্ড
হোম » পর্যটন » সুন্দরবনের কটকায় রাতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, পাল্টা গুলিতে পণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় চার রাউন্ড গুলিবর্ষণ করে পণ্ড করে দিয়েছেন বনরক্ষীরা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-কে লক্ষ্য করে এ হামলার চেষ্টা চালানো হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান সাগরকন্যার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে ‘দি ওয়েভ-২’ জাহাজের দিকে এগিয়ে আসছিল। সাগরে থাকা জেলেরা বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত বোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দস্যুদের ধাওয়া করেন। এ সময় তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। বনরক্ষীদের পাল্টা গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায়।
বর্তমানে ‘দি ওয়েভ-২’ ও অপর পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকায় নিরাপদে অবস্থান করছে। জাহাজ দুটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামীম আলম।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের আসার ঘটনাটি অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রিকালীন টহল জোরদার ও চালু করা জরুরি।’
বাংলাদেশ সময়: ১২:২৭:৫৯ ● ১৮ বার পঠিত
