শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬

বেতাগীর মেধাবী আরিফের এগিয়ে চলা

হোম » বরগুনা » বেতাগীর মেধাবী আরিফের এগিয়ে চলা
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


 

বেতাগীর মেধাবী আরিফের এগিয়ে চলা

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনার বেতাগী উপজেলার মো. আরিফ হোসেন। একই সঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একাধিক প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় সাফল্য অর্জন করায় এলাকায় তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

 

মো. আরিফ হোসেন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামের মো. আবু হানিফ আকন ও মোসা. তাসলিমা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ল’) পদে কর্মরত। এর আগে পূবালী ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন।

 

শিক্ষাজীবনে আরিফ হোসেন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেন। পরে ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং বেতাগী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

 

বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং বিচার বিভাগীয় পরীক্ষায় সাফল্য অর্জন তাঁর শিক্ষাজীবনের উল্লেখযোগ্য দিক। আইন বিষয়ে উচ্চশিক্ষার পর তিনি ব্যাংকিং পেশায় যুক্ত হন। পরবর্তী সময়ে আইন পেশায় যুক্ত হয়ে বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতি নেন। ধারাবাহিক পড়াশোনা ও প্রস্তুতির মাধ্যমে ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য অর্জন করেন।

 

নিজের সাফল্য সম্পর্কে মো. আরিফ হোসেন বলেন, ‘বিচার বিভাগীয় পরীক্ষায় সাফল্য অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনা ও পরিশ্রম করার চেষ্টা করেছি।’

 

তিনি বলেন, ‘ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একজন বিচারক হিসেবে কাজের সুযোগ পাওয়া একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের বিষয়। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে দেশের সেবা করতে চাই।’

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৮ ● ২৭ বার পঠিত