বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী সোহেল মনজুর
হোম » পিরোজপুর » বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী সোহেল মনজুর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বিশ্বায়নের যুগে টিকে থাকতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভাণ্ডারিয়া সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষাখাতে প্রয়োজনে বাজেট আরও বাড়ানো হবে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মানও সমানভাবে উন্নত করতে হবে, যাতে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে মেধাবী প্রজন্মকেই মূল ভূমিকা পালন করতে হবে।’
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শুপ্রভাত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার।
এ ছাড়া ছাত্রদল নেতা মো. তামিম, মো. মেহেদি হাসান এবং শিক্ষার্থী শ্রাবণী আক্তার ও মাকসুদা আক্তার বক্তব্য দেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়ার বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ, অধ্যক্ষ কাওছার উল ইসলাম ও অধ্যক্ষ মুজাহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।
সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার তালিকা তৈরি করে ধাপে ধাপে সেগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৪ ● ৩৫ বার পঠিত
