বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
প্রবীণরা বোঝা নন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে
হোম » খুলনা » প্রবীণরা বোঝা নন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার।
কারিতাস বাংলাদেশের আয়োজনে স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থিতা হাওলাদার বলেন, ‘প্রবীণরা আমাদের কাছে বোঝা নন; বরং তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা নতুনরা গ্রহণ করতে পারবে। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা আগামী দিনে অনেক বাধা এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবে।’
পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রবীণ সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৫০ ● ৩৭ বার পঠিত
