মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার, পরিচয়পত্র ভুয়া দাবি

হোম » গণমাধ্যম » নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার, পরিচয়পত্র ভুয়া দাবি
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার, পরিচয়পত্র ভুয়া দাবি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসা সাইফুলের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুনিয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম স্বরূপকাঠী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফার মাহাজনের ছেলে। তিনি বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের বার্তা’সহ একাধিক পত্রিকার পরিচয় ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার উপপরিদর্শক আসাদুজ্জামান হারুন ও সহকারী উপপরিদর্শক নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কুনিয়ারি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে আসা সাইফুল ইসলামকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

 

পুলিশের ভাষ্য, সাইফুল পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে ইয়াবা নিয়ে একা মোটরসাইকেলে নেছারাবাদের দিকে আসছিলেন। আটকের পর তিনি বিভিন্ন ব্যক্তির পরিচয় ও নাম ব্যবহার করে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় তিনি ‘দৈনিক আজকের পত্রিকা’ ও ‘দৈনিক খবরপত্র’-এর পরিচয়ও দেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

 

তবে সাইফুলের সাংবাদিক পরিচয় অস্বীকার করেছেন ‘দৈনিক আজকের বার্তা’র পিরোজপুর জেলা স্টাফ রিপোর্টার ও নেছারাবাদ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গোলাম মোস্তফা।

 

তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় সাইফুল ইসলাম নামে ‘দৈনিক আজকের বার্তা’র কোনো সাংবাদিক নেই। তিনি স্বরূপকাঠী প্রেসক্লাবেরও সদস্য নন। সাইফুল যে পরিচয়পত্র দেখিয়েছেন, সেটি সম্পূর্ণ ভুয়া।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

 

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২৯:১১ ● ৩০ বার পঠিত