মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

হোম » বরিশাল » আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ কমিটির সদস্যরা।

 

সভায় ডা. গোলাম মোর্শেদ সজীব চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার, নতুন ডেন্টাল ইউনিটের জন্য এক্স-রে মেশিন ও র‌্যাবিস ভ্যাকসিন ক্রয়, রোগীদের বসার আসন, পরিচ্ছন্নতাকর্মীর সংকট এবং হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।

 

সভায় নতুন ডেন্টাল ইউনিটের এক্স-রে মেশিন ক্রয়ের জন্য এক লাখ টাকা এবং র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য এক লাখ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

সভায় সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫৯ ● ২৬ বার পঠিত