মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট মহিষ চুরির মামলায় সাংবাদিক পরিচয় দেওয়া দুজনসহ ৫ জন আদালতে

হোম » লিড নিউজ » আপডেট মহিষ চুরির মামলায় সাংবাদিক পরিচয় দেওয়া দুজনসহ ৫ জন আদালতে
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় চুরি করা মহিষ নিয়ে যাওয়ার সময় সাংবাদিক পরিচয় দেওয়া দুজনসহ পাঁচজনকে আটকের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মামলা দায়েরের পর গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন এলাকা থেকে ছয়টি মহিষ চুরির অভিযোগে মামলাটি করা হয়। এর মধ্যে পাঁচটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিষগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

 

মামলায় জাকির হাওলাদার, শাহজাদা সিকদার, শাহীন হাওলাদার, সাইফুল হাওলাদার, খাইরুল ইসলাম খলিফা সাগর, একেএম মাহফুজুর রহমান আকন, রাসেল হাওলাদার ও মোতাহার হাওলাদারের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

 

এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া বাজার এলাকায় স্থানীয়রা পাঁচটি মহিষসহ কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

আটক ব্যক্তিদের মধ্যে খাইরুল ইসলাম খলিফা সাগর ও একেএম মাহফুজুর রহমান আকন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনের বাইরে সাইফুল হাওলাদার, রাসেল হাওলাদার ও মোতাহার হাওলাদার পলাতক রয়েছেন। মামলাটি তদন্ত করছেন গলাচিপা থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ সাগরকন্যাকে বলেন, ‘সোমবার মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:৩৪:১৪ ● ৩১ বার পঠিত