সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় মহিষ চুরির ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আটক
হোম » পটুয়াখালী » গলাচিপায় মহিষ চুরির ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় চুরি করে আনা পাঁচটি মহিষ নিয়ে যাওয়ার সময় সাংবাদিক পরিচয় দেওয়া দুজনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মাহমুদুর, গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের খায়রুল ইসলাম সাগর, মো. শাহজাদা শিকদার, শাহীন সিকদার ও জাকির। মাহমুদুর ও খায়রুল ইসলাম সাগর নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে শাহীন, জাকির, মো. শাহজাদা শিকদার ও সাইফুল ইসলাম অজ্ঞাত স্থান থেকে নিয়ে আসা পাঁচটি মহিষ ঝাটিবুনিয়া বাজারের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পথরোধ করে মহিষগুলোর মালিকানা সম্পর্কে জানতে চান।
এ সময় সাংবাদিক পরিচয় দেওয়া দুজন মহিষ নিয়ে কোনো সমস্যা নেই বলে দাবি করেন। তবে মহিষগুলোর মালিকানা-সংক্রান্ত কোনো সঠিক তথ্য বা প্রমাণ দেখাতে না পারায় স্থানীয়রা বিষয়টি কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে জানান।
পরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা পাঁচটি মহিষ স্থানীয় চৌকিদার মিন্টু মিয়ার জিম্মায় রাখা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়া দুজনের মোটরসাইকেল জব্দ করে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আবু তালেব নামের এক সাংবাদিকসহ আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় গলাচিপা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২:১৩:৪৭ ● ২৫ বার পঠিত
