সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএনওর কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন

হোম » বরিশাল » ইউএনওর কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

ইউএনওর কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। কয়েক দিন ধরে রাজিহার গ্রামের একটি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি, পানবরজ ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

 

অভিযোগকারী লোকমান ফকির জানান, রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে আলামিন মাতুব্বর রাজিহার গ্রামের ওই জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। প্রায় ৩০০ একর জমির এই এলাকায় রয়েছে পানবরজ, মাছের ঘের ও ফসলি জমি। বালু উত্তোলনের ফলে তাঁর জমিসহ আশপাশের জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়তে পারে।

 

তিনি অভিযোগ করেন, স্থানীয় কৃষকেরা বাধা দিলে আলামিন মাতুব্বর গালিগালাজ ও ভয়ভীতি দেখান। পরে গত বৃহস্পতিবার তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ড্রেজার মেশিন জব্দ ও অপসারণ করা হোক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:০৪:১৪ ● ২৬ বার পঠিত