সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি

হোম » পটুয়াখালী » দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বদলি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৮৮৪৮ পরিচিতি নম্বরের কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে দুমকির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এর আগে গত ১১ আগস্ট তাঁর অপসারণের দাবিতে দুমকিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্র-জনতা। মানববন্ধনের প্রচারপত্রে ইউএনওর বিরুদ্ধে মাদকবিরোধী ব্যবস্থা না নেওয়া ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা হয়। তাঁর অপসারণের দাবিও জানানো হয়।

 

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সত্যতা কিংবা ওই কর্মসূচির সঙ্গে ইউএনওর বদলির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অব্যাহতি গ্রহণ ও নতুন ইউএনও পদায়নের মধ্যবর্তী সময়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

 

ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৫ ● ২৮ বার পঠিত