রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে বিশ্ব নদী দিবস: নদী বাঁচাতে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
হোম » পিরোজপুর » পিরোজপুরে বিশ্ব নদী দিবস: নদী বাঁচাতে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
নদী রক্ষা ও নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়ানোর আহ্বানে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে আলোচনা সভা, নদীর কবিতা ও গান, বর্ণাঢ্য পদযাত্রা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দামোদর ব্রিজসংলগ্ন বাংলাদেশ নদীবন্ধু সমাজের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা স্কাউটসের সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাব পিরোজপুরের সভাপতি এবং বাংলাদেশ নদীবন্ধু সমাজের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত কবির খান। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং পিরোজপুর কণ্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
আলোচনায় নদীবন্ধু জ্যোতির্ময় চক্রবর্তী রতন, লোকমান হোসেন, হাসনেয়ারা হক, মনিরুল আলম সেলিম, কবি সমর কৃষ্ণ হালদার, দেবনাথ মন্ডল, দেলোয়ার হোসেন আলম, দিলীপ কুমার মিস্ত্রী ও নাহিদ সরদার অংশ নেন।
বক্তারা বলেন, নদী শুধু জলধারা নয়; মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে নদীর গভীর সম্পর্ক রয়েছে। নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও অপরিকল্পিত কর্মকাণ্ডে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদীবন্ধু শামীম আহমেদ জালাল, কবি অপূর্ব রায় চৌধুরী, সাংবাদিক জাহিদুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সদস্য মো. জাকির হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলী টিপু, কবি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক, কবি পলি, সুমনা বেপারী, সিনথিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
![]()
ঐকতান সঙ্গীত একাডেমির ব্যানারে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কবি ও সাংবাদিক সুমন বেপারী এবং তবলা শিল্পী দীপু নন্দী। নদীর গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন কণ্ঠশিল্পী পূজা রাণী সেন। নদীর কবিতা ও গানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পরে নদী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে স্থানীয় মানুষের মধ্যে নদী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, ‘নদীর স্রোত বাঁচলে বাঁচবে প্রাণ-প্রকৃতি’। নদী রক্ষার দায়িত্ব কোনো একটি সংগঠনের নয়, সবার।
বাংলাদেশ সময়: ২১:৫১:৩২ ● ২৭ বার পঠিত
