রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল শিকদার গ্রেফতার

হোম » বরিশাল » ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল শিকদার গ্রেফতার
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল শিকদার গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল শিকদারকে (৫৫) ২৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

 

এসআরবি-৬-এর আভিযানিক দলের সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার জয়নাল শিকদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী শিকদারের ছেলে। পরিচয় গোপন রেখে তিনি দীর্ঘ ২৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন।

 

গৌরনদী থানার উপপরিদর্শক মো. ওয়ালিউল্লাহ জানান, এসআরবি-৬-এর আভিযানিক দলের সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল শিকদারকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর খুলনা জেলার রূপসা থানায় জয়নাল শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলাটির নম্বর ৫। বিচার শেষে আদালত হত্যার অপরাধে জয়নালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত জয়নাল শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারের পর রোববার দুপুরে তাকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে চাঞ্চল্যকর হত্যা মামলায় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, সেই একই মামলায় জয়নাল শিকদার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫২ ● ২২ বার পঠিত