রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথির অভিযোগ, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথির অভিযোগ, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথির অভিযোগ, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী ও বাবাকে মারধর থেকে বাঁচাতে এগিয়ে যাওয়ার পর ৭ মাসের অন্তঃসত্ত্বা তানিয়া বেগমের (২৫) পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে তানিয়ার গর্ভপাত হয়। পরে নবজাতকের মৃত্যু হয়।

 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তানিয়ার স্বামী হাবিব পাহলান (৪৫) ও বাবা দুলাল হাওলাদার (৫৫)কেও মারধরের অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাবিব পাহলান অটোরিকশায় করে বেতমোর গ্রামে শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় সড়কের ওপর সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২) দাঁড়িয়ে ছিলেন। এতে অটোরিকশা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হলে হাবিব তাদের সরে দাঁড়াতে বলেন।

 

এ নিয়ে হাবিবের সঙ্গে ওই তিন যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাবিব ও দুলালকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। স্বামী ও বাবাকে রক্ষা করতে তানিয়া এগিয়ে গেলে তাঁর পেটে লাথি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরে তাদের প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয় বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রবেশের সময় তানিয়ার গর্ভপাত হয়। নবজাতককে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও পরে তার মৃত্যু হয়।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসান বলেন, ‘পেটে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে গর্ভপাতের ঘটনা ঘটে। নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। তবে সময়মতো নেওয়া সম্ভব না হওয়ায় শিশুটির মৃত্যু হয়।’ তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোহাগ, মামুন ও শাওন সিকদারের মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:৪৭:০৭ ● ২৪ বার পঠিত