শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুমকিতে পবিপ্রবি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ, মামলা
হোম » শিক্ষা » দুমকিতে পবিপ্রবি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ, মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুমকির শ্রীরামপুর এলাকার পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার পূর্ব পাশের পাকা সড়কে তিনি ওই ঘটনার শিকার হন। পরে ২৩ সেপ্টেম্বর তিনি দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার এজাহারে আসামিরা হলেন স্থানীয় খলিল মৃধার ছেলে রিফাত মৃধা, সাত্তার তালুকদারের ছেলে হাসান তালুকদার, হানিফ তালুকদারের ছেলে মাহিন তালুকদার, জলিল হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার ও আব্দুর রব তালুকদারের ছেলে রফিক তালুকদার। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পালিয়ে থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে সব ধরনের সহযোগিতা করতে প্রক্টরিয়াল টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৭:০২ ● ৯ বার পঠিত
