শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬

উপকূলের সুবিধাবঞ্চিত ১৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

হোম » খুলনা » উপকূলের সুবিধাবঞ্চিত ১৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

উপকূলের সুবিধাবঞ্চিত ১৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

উপকূলের সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের লেখাপড়ায় সহায়তা দিতে বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলার চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বাঙ্গালী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উপকূলবর্তী মোংলা এলাকার মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় এগিয়ে নিতে তাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

 

তিনি বলেন, সামান্য সহায়তাও শিক্ষার্থীদের লেখাপড়ায় এগিয়ে যেতে উৎসাহিত করতে পারে। উপকূলের মানুষের সার্বিক সহায়তায় সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, রং পেন্সিলের বাক্স, রুলার, পেন্সিল, জ্যামিতি বক্স ও কলম।

 

অনুষ্ঠানে চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, নাসির উদ্দিন মানিক, আলী হোসেন, আনিসুর রহমান, মনসুর হোসেনসহ সংগঠনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়। তাদের অভিভাবকেরাও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৪ ● ১৫ বার পঠিত