শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় ৩০ বছর পর গ্রামে সড়ক, কমেছে মানুষের দুর্ভোগ
হোম » বরগুনা » বরগুনায় ৩০ বছর পর গ্রামে সড়ক, কমেছে মানুষের দুর্ভোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
প্রায় ৩০ বছর ধরে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের বিলের ভেতরে বসবাসকারী মানুষকে। বর্ষা এলেই বাড়ত দুর্ভোগ। নারী, শিশু, রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। দীর্ঘ অপেক্ষার পর সেখানে নির্মিত হয়েছে একটি কাঁচা সড়ক। এতে বিলের ভেতরে বসবাসকারী পরিবারগুলোর চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসাতলী গ্রামের শরীফ জহিরুল ইসলাম স্মৃতি সড়কের স্লুইসগেট থেকে বিলের ভেতরে একটি গ্রামে বহু পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিন্তু যোগাযোগের জন্য সেখানে কোনো সড়ক না থাকায় বর্ষা মৌসুমে কাদা ও পানির মধ্য দিয়ে চলাচল করতে হতো তাদের।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহর উদ্যোগে ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ইতোমধ্যে সড়কের একটি উল্লেখযোগ্য অংশ নির্মাণ হওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ কমেছে।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের নেতা ও স্থানীয় বাসিন্দা মুশফিক আরিফ বলেন, ‘মনসাতলী গ্রামের মানুষ প্রায় ৩০ বছর ধরে একটি সড়কের অভাবে ভোগান্তিতে ছিলেন। সংসদ সদস্যের উদ্যোগে সেখানে সড়ক হওয়ায় মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই কমেছে। এই উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’
স্থানীয়রা জানান, সড়কটি পাকা করা হলে বর্ষা মৌসুমেও যোগাযোগ আরও সহজ হবে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগও স্থায়ীভাবে কমবে বলে আশা করছেন তারা।
সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ‘জনগণ আমাকে বরগুনা সদর, আমতলী ও তালতলীর মানুষের কল্যাণের জন্য ভোট দিয়েছেন। দীর্ঘদিনের জঞ্জাল দূর করতে আমি আপ্রাণ চেষ্টা করব। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা অনেক কাজ করেননি- এই সড়ক তার একটি উদাহরণ। তিনটি উপজেলায় অনেক কাঁচা সড়ক রয়েছে। আবার যেসব সড়ক পাকা হয়েছে, সেগুলোর অনেকগুলোও এখন চলাচলের অনুপযোগী।’
বাংলাদেশ সময়: ১৮:৪৩:২০ ● ৩৬ বার পঠিত
