শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় স্বর্ণপলিশের কারখানায় গাঁজার কারবার, ৩২৫ গ্রাম জব্দ

হোম » বরগুনা » বরগুনায় স্বর্ণপলিশের কারখানায় গাঁজার কারবার, ৩২৫ গ্রাম জব্দ
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় স্বর্ণপলিশের কারখানায় গাঁজার কারবার, ৩২৫ গ্রাম জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌর শহরের স্বর্ণকার পট্টিতে স্বর্ণপলিশ ও নকশার কারখানার আড়ালে গাঁজার ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে সেন্টু নামের এক দোকানির বিরুদ্ধে। ওই কারখানায় অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেন্টু পালিয়ে যান।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণকার পট্টি এলাকায় সেন্টুর মালিকানাধীন স্বর্ণপলিশ ও নকশার কারখানায় এ অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা পুলিশের একটি দল স্বর্ণকার পট্টিতে অভিযান চালায়। পরে সেন্টুর কারখানায় তল্লাশি চালিয়ে কয়েকটি পোটলায় লুকিয়ে রাখা ৩২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সেন্টু পালিয়ে যান।

 

অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। এ সময় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ, তদন্ত কর্মকর্তা ইউনুস আলী ফরাজীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বর্ণপলিশের কারখানার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সেন্টুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৮ ● ৯ বার পঠিত