শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে কথা বলায় ৩ জনকে পিটিয়ে আহতের অভিযোগ

হোম » পটুয়াখালী » গলাচিপায় চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে কথা বলায় ৩ জনকে পিটিয়ে আহতের অভিযোগ
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে কথা বলায় ৩ জনকে পিটিয়ে আহতের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খলিফাসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদসহ ১২ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা করা হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, গোলখালী ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খলিফা সাত-আট দিন আগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ও তাঁর ভাতিজা দেলোয়ার আকনের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

 

এ সময় আনোয়ার খলিফা, শামিম খলিফা ও মামুন খলিফা গুরুতর আহত হন। পরে তাঁদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ বলেন, ‘আমি নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এলাকার লোকজন নিয়ে একটি উন্নয়ন সভা করে বাড়ি চলে আসি। আমি চলে আসার পর আনোয়ার খলিফার নেতৃত্বে লোকজন ১০-১২ জন আমার সভায় হামলা চালায়। হামলার সময় আমি বা আমার কোনো লোক সেখানে উপস্থিত ছিল না।’

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, মারধরের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:২১ ● ২২ বার পঠিত