বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন রুহুল আমিন
হোম » পিরোজপুর » নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন রুহুল আমিন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪ নম্বর আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুহুল আমিন বর্তমানে ৪ নম্বর আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন সময়ে তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে রুহুল আমিন বলেন, ‘আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আটঘর-কুড়িয়ানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। বছরের বিভিন্ন সময়ে এ অঞ্চলে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে পেয়ারা মৌসুমে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এ অঞ্চলে আসেন। পর্যটকদের সুবিধা নিশ্চিত করা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যও কাজ করতে চাই।’
রুহুল আমিন বলেন, ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রুহুল আমিনের যোগাযোগ রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন তিনি।
এদিকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তাঁদের দাবি, রুহুল আমিন নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়গুলো ভোটারদের কাছে তুলে ধরা হবে।
তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিবিধান অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫৯ ● ১২ বার পঠিত
