মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬

বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’

হোম » সর্বশেষ » বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

বেতাগী উপজেলা পরিষদ ক্যাম্পাসে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’।

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনায় বেতাগীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’ এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পাঠাগারটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এর অভ্যন্তরীণ সাজসজ্জা ও বই গোছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে চলতি বছর উপজেলা প্রশাসন ও বেতাগী পৌরসভার অর্থায়ন ও বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে পাঠাগারটি নির্মাণ করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি পাঠাগার’। ২ সেপ্টেম্বর ভবনটির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মণি, এমপি।

 

পাঠাগার সংশ্লিষ্টরা জানান, এখানে মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, রাজনীতি, রাষ্ট্রনায়ক, ইতিহাস, সাহিত্য, ধর্মীয় বিষয়, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, পর্যটন ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন বই থাকবে। পাশাপাশি তরুণদের জন্য বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

 

স্থানীয় নবম শ্রেণির শিক্ষার্থী রাখী হালদার কলি বলেন, ‘দেশের উপকূলীয় জনপদ বেতাগীতে একটি সমৃদ্ধ পাঠাগারের দীর্ঘদিনের অভাব ছিল। জুলাই স্মৃতি পাঠাগার সেই শূন্যতা পূরণ করবে।’

 

তরুণ শিক্ষক ফোরকান হোসেন ইমারত বলেন, ‘আমরা চাই এই পাঠাগারটি তরুণ সমাজের মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতিচর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।’

 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘খুব দ্রুতই একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চীফ হুইপ মহোদয়, স্থানীয় সুধীজন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:২৪:১০ ● ৩১ বার পঠিত