সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
মঠবাড়িয়ায় সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বী, আবাসিক মেডিকেল অফিসার মৌমিত্র সিনহা রায়, একাডেমিক সুপারভাইজার নজরুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনের শুরুতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে পশ্চিম মিঠাখালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনে আয়োজিত অভিভাবক সমাবেশে যোগ দেন তিনি। সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক।
পরে ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশের খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ ও মঠবাড়িয়া বহুতলবিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করেন জেলা প্রশাসক। একই সময়ে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
দিনের আরেক পর্যায়ে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত দোগনা খাল পরিদর্শন করেন তিনি। এ সময় খালের বর্তমান অবস্থা ও পানি প্রবাহসহ সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সফরের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
জেলা প্রশাসকের এ মাঠপর্যায়ের পরিদর্শনে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র, স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৩:১০ ● ৩৫ বার পঠিত
