সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

তালতলীতে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিশুকে কুপিয়ে জখম

হোম » বরগুনা » তালতলীতে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিশুকে কুপিয়ে জখম
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলীতে এক নারীকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে তাঁর ছয় বছরের মেয়েকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বেল্লাল আকন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী।

 

মামলার বাদী ও অভিযুক্ত পরস্পরের প্রতিবেশী। অভিযুক্ত বেল্লাল আকন উপজেলার উত্তর গাববাড়িয়া গ্রামের মো. আজিজ আকনের ছেলে।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর শেষ বিকেলে বাহিরে কাজ শেষে ওই নারী বাড়িতে ফেরেন। তাঁর তিন সন্তান তখন পুকুরপাড়ে খেলছিল। এ সময় বেল্লাল ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বেল্লাল পালিয়ে যাওয়ার সময় দা দিয়ে তাঁকে কোপানোর চেষ্টা করেন।

 

অভিযোগ অনুযায়ী, ওই নারীকে কোপাতে না পেরে বেল্লাল তাঁর ছয় বছরের মেয়ে নুহাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দেন। এতে শিশুটির পিঠের বাঁ পাশে গুরুতর জখম হয়। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

বাদীর অভিযোগ, বেল্লাল বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তিনি সুযোগ খুঁজছিলেন।

 

মামলাটি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য সিআইডি বরগুনাকে নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ওসমান গনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রনজুয়ারা সিপু।

 

অভিযোগের বিষয়ে বেল্লাল আকনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১১ ● ১৪ বার পঠিত