সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে তিনদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
হোম » ঢাকা » গোপালগঞ্জে তিনদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামে তিনদিন নিখোঁজ থাকার পর পরি রানী হাজরা (বৃদ্ধা) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পাটখেতসংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ছেলে মৃণাল হাজরা জানান, তিনদিন ধরে তার মা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পাটখেতের কাছ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে তিনি মায়ের মরদেহ দেখতে পান। তার অভিযোগ, মাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। এ সময় তার মায়ের কানে ও নাকে থাকা স্বর্ণালংকারও পাওয়া যায়নি বলে জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পরি রানী হাজরা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬:০১:৪৭ ● ২০ বার পঠিত
