শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
১৭ বছর ধরে দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন তারেক রহমান: জয়নুল আবেদীন
হোম » বরিশাল » ১৭ বছর ধরে দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন তারেক রহমান: জয়নুল আবেদীন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
‘কথা কম, কাজ বেশি’- এটিই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় রাজার বের খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু খাল পরিষ্কার করলেই হবে না। হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির চারপাশও পরিষ্কার রাখতে হবে। শপথ নিলেই হবে না, সেই শপথকে বাস্তবে কাজে রূপ দিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান নিজেও খুব কম কথা বলেন, কিন্তু কাজ করেন সবচেয়ে বেশি। তিনি ভোর থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যান।’
জয়নুল আবেদীন আরও বলেন, এমন কঠোর পরিশ্রম করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর সঙ্গে সকালে উঠে দূরদূরান্তে ছুটে যেতেন এবং রাতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত অফিসের কাজ করতেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। কিন্তু সততা ও মেধা দিয়ে তিনি দেশের কথা ভেবেছেন এবং দীর্ঘ ১৭ বছর দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে জয়নুল আবেদীন বলেন, ‘আজ যে বৃক্ষরোপণ কর্মসূচি দেখছেন, চার বছর আগেই তিনি লন্ডনে বসে বলেছিলেন, আমি পুরো বাংলাদেশকে সবুজে ভরিয়ে দেব।’
তিনি সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, তিনিও প্রতিবছর অন্তত ২৫ থেকে ৫০টি গাছ লাগান। আজকের কর্মসূচি এখানেই শেষ নয়, এটি মাত্র শুরু। সারা বাংলাদেশে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ততদিন থামবে না, যতদিন না আমরা পুরো দেশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করতে পারছি। আসুন, কথা না বাড়িয়ে সবাই কাজে নেমে পড়ি।’
তিনি আরও বলেন, দেশকে নিজেদেরই গড়ে তুলতে হবে। দেশে কয়েক লাখ গার্ল গাইডস, স্কাউট ও বিএনসিসি সদস্য রয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে এসব সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণকে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
শুধু খাল পরিষ্কারের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন বলেন, বিশ্বের অন্য দেশগুলো নিজেদের পরিষ্কার রাখতে পারলে বাংলাদেশও পারবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যুক্ত ছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জেও এ কার্যক্রম শুরু হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, ‘আমি মনে করেছি, কেবল ঢাকায় বসে না থেকে নিজের এলাকার মানুষের মাঝে উপস্থিত হওয়া প্রয়োজন, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকায় সবাইকে সঙ্গে নিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে পারি, তবেই একটি সুন্দর ও সুস্থ দেশ গড়ে তোলা সম্ভব হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জয়নুল আবেদীন চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:২৫:২৭ ● ২৪ বার পঠিত
