বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে দুর্যোগ মোকাবিলায় ২৭০ স্বেচ্ছাসেবকের হাতে সুরক্ষা সরঞ্জাম

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে দুর্যোগ মোকাবিলায় ২৭০ স্বেচ্ছাসেবকের হাতে সুরক্ষা সরঞ্জাম
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

রাঙ্গাবালীতে দুর্যোগ মোকাবিলায় ২৭০ স্বেচ্ছাসেবকের হাতে সুরক্ষা সরঞ্জাম

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে ২৭০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সুরক্ষা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।

 

কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং জাগোনারীর বাস্তবায়নে ‘প্রদৃপ্ত’ প্রকল্পের আওতায় এ সরঞ্জাম বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, কেয়ার বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক মো. বায়েজীদ বোস্তামী এবং প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক মো. জাফর আলমসহ অনেকে।

 

ইউনিয়নের নয়টি সিপিপি ইউনিটের ১৮০ জন সদস্যের মধ্যে ভেস্ট, লাইফ জ্যাকেট, হেলমেট, হেডল্যাম্প, রেইনকোট, গামবুট, রাবারের গ্লাভস, বাঁশি, লাইফ বয়া, স্ট্রেচার, মেগাফোন, সংকেত পতাকা, কুঠার, হাত করাত, রশি ও টর্চলাইটসহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়। তাঁদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার কিট ও প্রয়োজনীয় ওষুধও।

 

এ ছাড়া ইউনিয়নের নয়টি গ্রুপের ৯০ জন যুব স্বেচ্ছাসেবকের মধ্যে ভেস্ট, রেইনকোট, হেলমেট, হেডল্যাম্প, বাঁশি, লাইফ বয়া ও মেগাফোন বিতরণ করা হয়।

 

আয়োজকেরা জানান, দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়াদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসায় এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত নিরাপত্তাও নিশ্চিত হবে।

 

উপকূলীয় ও দুর্যোগপ্রবণ রাঙ্গাবালীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪২ ● ৩১ বার পঠিত