বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বাদীপক্ষকে হুমকির অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বাদীপক্ষকে হুমকির অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার বাদীপক্ষকে হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।
ঘটনাটি উপজেলার লতাচাপিল ইউনিয়নের পূর্ব নতুনপাড়া গ্রামে ঘটেছে।
শিশুটির মা ও নানীর ভাষ্য, গত ৭ জুলাই দুপুরে বসতঘরে শিশুটিকে একা রেখে তারা আত্মীয়ের বাড়িতে যান। এ সুযোগে প্রতিবেশী নুর মোহাম্মদ হাওলাদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ তাদের।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা করেন। পরে থানা-পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় বলে জানান তারা। পরিবারের অভিযোগ, জামিনে মুক্তির পর অভিযুক্ত ব্যক্তি মামলা তুলে নিতে তাদের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করছেন।
ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নুর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০২:৪৬ ● ৩৪ বার পঠিত
