বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দারমানিক নদীতে ভেসে আসা ৩০ ফুট মৃত তিমি উদ্ধার
হোম » বরগুনা » আন্দারমানিক নদীতে ভেসে আসা ৩০ ফুট মৃত তিমি উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদী থেকে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি উদ্ধার করেছে বন বিভাগ। তিমিটি কয়েক দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন আন্দারমানিক নদী থেকে তিমিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে যান।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে তীরে নিয়ে আসেন। পচন ধরে দুর্গন্ধ ছড়ালে তারা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন। পরে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটি উদ্ধার করেন।
বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। নমুনা সংগ্রহের পর তিমিটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশদূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
তিমিটির প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮:০৪:১৮ ● ২১ বার পঠিত
