বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ৩০ বছরেও পাকা হয়নি সড়ক, কাদায় দুর্ভোগে চার গ্রামের মানুষ

হোম » পটুয়াখালী » বাউফলে ৩০ বছরেও পাকা হয়নি সড়ক, কাদায় দুর্ভোগে চার গ্রামের মানুষ
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফলে ৩০ বছরেও পাকা হয়নি সড়ক, কাদায় দুর্ভোগে চার গ্রামের মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা থেকে পশ্চিম মাঝপাড়া হয়ে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১৮০০ মিটার সড়ক তিন দশকেও পাকা হয়নি। প্রায় ৩০ বছর আগে মাটির কাজ করা হলেও এরপর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বর্ষায় বৃষ্টির পানি জমে সড়কটির বেশির ভাগ অংশ কাদায় পরিণত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

সরেজমিনে দেখা যায়, মধ্য মদনপুরা পাকা সড়ক থেকে পশ্চিম মাঝপাড়া হয়ে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পুরো পথই কাঁচা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে গভীর খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও হাঁটুসমান কাদা হয়েছে। চলাচলের উপযোগী করতে সড়কের পাশে বালির বস্তা ফেলে কোনোভাবে সরু পথ তৈরি করেছেন স্থানীয়রা। পিচ্ছিল ওই পথে চলাচলের সময় প্রায়ই মানুষ পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বাসিন্দারা।

 

সড়কটির দুরবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা। সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিদিন এ পথ ব্যবহার করতে হয়। বর্ষায় কাদার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়ে। এতে এই সময়ে বিদ্যালয়ে উপস্থিতিও কমে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

স্থানীয় বাসিন্দা মো. কামাল মুন্সী সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘সড়কটির অবস্থা এতটাই খারাপ যে এখন কোনো গাড়ি চলাচল করতে পারে না। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে অনেক সময় মানুষকে কাঁধে করে বা অন্যভাবে সড়কের খারাপ অংশ পার করতে হয়।’

 

আরেক বাসিন্দা মো. নিয়াজ খান বলেন, ‘প্রায় ৩০ বছর আগে এখানে মাটির সড়ক নির্মাণ করা হয়েছিল। এরপর অনেক সরকার এসেছে-গেছে, কিন্তু সড়কটির আর উন্নয়ন হয়নি। চার গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সড়কটি পাকা করার দাবি জানাচ্ছি।’

 

সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘এটি চার গ্রামের মানুষের প্রধান চলাচলের সড়ক। শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বর্ষায় হাঁটুসমান কাদা হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে অনেক সমস্যা হয়। ফলে এ সময়ে উপস্থিতিও কমে যায়। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে দ্রুত সড়কটি পাকা করা প্রয়োজন।’

 

এ বিষয়ে বাউফল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল ফরাজী বলেন, ‘সড়কটি পাকা করার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:০১:৩৮ ● ২২ বার পঠিত