মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে মাদ্রাসায় উত্তেজনা
হোম » শিক্ষা » চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে মাদ্রাসায় উত্তেজনা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতি পদকে কেন্দ্র করে অধ্যক্ষ এবং সাবেক সভাপতির মধ্যে বিরোধকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। পৃথক ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সাবেক সভাপতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনাটি চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের পূর্ব ওমরাবাজ মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সঙ্গে সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমানের বিরোধ চলছিল। সম্প্রতি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে সেই বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়।
স্থানীয়দের ভাষ্য, সোমবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী শাহাদাত হোসেন লোকমান মাদ্রাসায় যান। এ সময় কমিটি গঠন নিয়ে অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষের অনুসারী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে শাহাদাত হোসেন লোকমানের ওপর পাল্টা হামলার অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
স্থানীয়দের দাবি, নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এবং মাদ্রাসার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল। কমিটি গঠনকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘাতের রূপ নেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে একই দিনে দুই দফা অপ্রীতিকর ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বিরোধ দ্রুত নিরসন না হলে মাদ্রাসার স্বাভাবিক পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে।
এ বিষয়ে চরফ্যাশনের শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মদ বলেন, মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪২ ● ২৪ বার পঠিত
