শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানি তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

হোম » বিশ্ব » ইরানি তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

ইরানি তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

সাগরকন্যা ডেস্ক

 

আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগের পর ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক ‘উসকানিবিহীন হামলা’ সফলভাবে এড়িয়ে গেছে।

 

সেন্টকমের দাবি, এর পর মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূল এবং জাস্কের কাছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে। ট্যাংকার দুটি হলো এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১। এছাড়া ওমান উপসাগরে তেলবিহীন আরও একটি ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে।

 

এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম।

 

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় কোনো দ্বিধা করবে না। প্রয়োজন হলে ইরানের ‘উন্মুক্ত’ তেলবাহী নৌবহরের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি বলেন, আইআরজিসির কাছে বার্তাটি পরিষ্কার হওয়া উচিত। মার্কিন দুটি জাহাজে হামলার চেষ্টা করা হলে এর জবাবে আরও বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে।

 

এর আগে ইরান অভিযোগ করেছিল, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম স্থানীয় সূত্রের বরাতে জানায়, ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর ট্যাংকারটির নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছিল।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩২ ● ২৭ বার পঠিত