
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দশমিনা উপজেলা মানব উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব উন্নয়ন পরিষদের মহাসচিব মো. মশিউর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত এবং দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার।
এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ভার্চুয়ালি বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি মানব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডায়েরিও উপহার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং তাদের অর্জনের স্বীকৃতি জানাতেই এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।