কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

হোম » খুলনা » কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের রহিম সরদারের ছেলে।

 

স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

 

রাত সাড়ে ১০টার দিকে ঘরের ভেতরে খালিদ হাসানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

 

কী কারণে খালিদ হাসান আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২:৪০:৫৫ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ