
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পৌরসভা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় তিনি অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জবাসীকে একটি পরিচ্ছন্ন শহর উপহার দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পরিচ্ছন্নতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াও জরুরি। তবে শুধু পরিষ্কার করলেই হবে না, শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরবাসীকেও নিতে হবে।
তিনি বলেন, রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিনসহ বিভিন্ন বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের উদ্যোগ দেখে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিডি ক্লিনের সহযোগিতায় এ কর্মসূচিতে অংশ নেওয়ায় উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, বাকেরগঞ্জ পৌর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় টিমের সঙ্গে সমন্বয় করে বরিশাল থেকে বিডি ক্লিনের সদস্যরা অংশ নিয়েছেন। পৌর প্রশাসনের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমানসহ বিডি ক্লিনের সমন্বয়ক ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।