গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হোম » ছবি গ্যালারী » গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

‘মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী’- এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ২৯ বছর পূর্তি ও ৩০তম বর্ষে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আবদুল গনি স্মৃতি পাঠাগার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আবদুল গনি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, সহসভাপতি সাইমুন রহমান এলিট, সহসম্পাদক অনুপ দেবনাথ, সবুজ কুমার পাল, আবুল কালাম, অলক কর্মকার, জুয়েল রানা ও সামিয়া আক্তার সমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক ও সুধীজন।

 

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রাক-প্রাথমিক থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ক’ গ্রুপের বিষয় ছিল জাতীয় পতাকা। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপের বিষয় ছিল সূর্যোদয় অথবা সূর্যাস্ত। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘গ’ গ্রুপের জন্য প্রাকৃতিক দৃশ্য নির্ধারণ করা হয়।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নানা রঙের তুলি ও পেন্সিলে নিজেদের কল্পনার জগত কাগজে ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবক ও আয়োজকদের উপস্থিতিতে পাঠাগার প্রাঙ্গণ পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।

 

আবদুল গনি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ, মেধা চর্চা এবং বই ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৩৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ