নজরুল বর্ষ উদযাপনে বাকেরগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

হোম » বরিশাল » নজরুল বর্ষ উদযাপনে বাকেরগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

নজরুল বর্ষ উদযাপনে বাকেরগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বরিশালের বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

 

সভায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের সমন্বয়হীনতা এড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

 

আলোচনায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা নজরুলের সাহিত্যকর্ম ও জীবনদর্শনকে কেন্দ্র করে আয়োজনকে অর্থবহ করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় কবির বিদ্রোহী চেতনা, সাম্য, মানবিকতা, স্বাধীনচেতা মনন ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তাঁর সৃষ্টিকর্মে প্রেম, মানবতা, সাম্য, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। তাই নজরুল বর্ষের আয়োজনকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে তাঁর সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় নজরুল বর্ষের কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৯:০২ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ