
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনার কয়রায় র্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি আঞ্জুমানারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।
বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. তোরাব আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী ও সদর উদ্দিন আহমেদ, সিএসও কমিটির সদস্য রাসেল আহমেদ ও রেবেকা সুলতানাসহ অন্যরা।
বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে। পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশিত হয়। পরে অতিথিরা ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন স্টলের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।