বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক

হোম » জাতীয় » বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক

সাগরকন্যা প্রতিবেদক,

 

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন। পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের আলোচনা হয়েছে।

 

শনিবার ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার জানান, মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। এ পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জাহাজ নির্মাণের পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগ সম্প্রসারণের জন্য মারস্ককে আহ্বান জানান।

 

মন্ত্রী বলেন, মারস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় আকারের জাহাজ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত পুরোনো জাহাজ পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মান বজায় রেখে পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।

 

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন অংশ নেন। মারস্ক লাইনের মূল প্রতিষ্ঠান ডেনমার্কভিত্তিক এপি মোলার।

 

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্ম সচিব (এফটিএ-২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫৯:৫৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ