অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন নিরাপত্তার সুবিধা, কী সেটি

হোম » প্রযুক্তি » অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন নিরাপত্তার সুবিধা, কী সেটি
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন নিরাপত্তার সুবিধা, কী সেটি

সাগরকন্যা আইটি ডেস্ক

 

অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর অনলাইন গোপনীয়তা ও নেটওয়ার্ক নিরাপত্তা বাড়াতে নতুন বেশ কয়েকটি সুবিধা যুক্ত করেছে গুগল। এর মধ্যে রয়েছে এনক্রিপ্টেড ক্লায়েন্ট হ্যালো (ইসিএইচ), স্থানীয় নেটওয়ার্ক সুরক্ষা, সার্টিফিকেট ট্রান্সপারেন্সি এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে ডিফল্টভাবে ২জি নেটওয়ার্ক বন্ধ রাখার সুবিধা।

 

নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এনক্রিপ্টেড ক্লায়েন্ট হ্যালো বা ইসিএইচ। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন, সেই তথ্য নেটওয়ার্ক পর্যায়ে গোপন রাখা সম্ভব হবে। ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক পর্যবেক্ষণকারীরা সহজে ব্যবহারকারীর অনলাইন গন্তব্য শনাক্ত করতে পারবেন না।

 

গুগলের ব্রাম বনে ও শুয়াইবো হুয়াং জানিয়েছেন, ব্যক্তিগত ডিএনএসের সঙ্গে সমন্বয় করে ইসিএইচ ব্যবহারকারীর ভিজিট করা ডোমেইন সম্পর্কিত তথ্যও গোপন রাখতে সহায়তা করবে। এতে অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ বা ব্যক্তিগত প্রোফাইল তৈরি করা কঠিন হবে।

 

ইসিএইচ সমর্থন না করা ওয়েবসাইটের ক্ষেত্রেও সংযোগ শনাক্তকরণ কঠিন করতে অ্যান্ড্রয়েড ১৭-এ ডিফল্টভাবে ‘ইসিএইচ গ্রিজ’ সুবিধা চালু থাকবে। এটি এলোমেলো ও ভুয়া ইসিএইচ তথ্য পাঠিয়ে নেটওয়ার্ক পর্যবেক্ষকদের জন্য সুরক্ষিত ও অসুরক্ষিত সংযোগ আলাদা করা কঠিন করবে।

 

এর আগে গুগল ক্রোমের ১১৭ এবং মজিলা ফায়ারফক্সের ১১৮ সংস্করণে ইসিএইচ সুবিধা যুক্ত হলেও অ্যান্ড্রয়েড ১৭-এ এটি শুধু নির্দিষ্ট ব্রাউজারে সীমাবদ্ধ থাকবে না। অপারেটিং সিস্টেমজুড়ে এই নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হচ্ছে। তৃতীয় পক্ষের অ্যাপ নির্মাতারাও তাদের অ্যাপের নেটওয়ার্ক সংযোগে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

 

অ্যান্ড্রয়েড ১৭-এ স্থানীয় নেটওয়ার্কের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কোনো অ্যাপ একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকা অন্য ডিভাইস খুঁজতে বা সংযোগ স্থাপন করতে চাইলে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে। এতে অননুমোদিত সংযোগের ঝুঁকি কমবে।

 

এ ছাড়া সার্টিফিকেট ট্রান্সপারেন্সি সুবিধা ডিফল্টভাবে চালু থাকবে। এর মাধ্যমে ওয়েবসাইটের নিরাপত্তা সনদ যাচাই করা সম্ভব হবে এবং ভুয়া বা অননুমোদিত সনদ ব্যবহার করে ইন্টারনেট সংযোগে আড়ি পাতার চেষ্টা শনাক্ত করা সহজ হবে।

 

মোবাইল নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন ব্যবস্থার আওতায় অপারেটররা চাইলে গ্রাহকদের জন্য ডিফল্টভাবে ২জি নেটওয়ার্ক বন্ধ রাখতে পারবে। এতে আধুনিক নেটওয়ার্ক থেকে জোরপূর্বক পুরোনো ২জি নেটওয়ার্কে নামিয়ে আনার মাধ্যমে পরিচালিত ‘ডাউনগ্রেড’ হামলার ঝুঁকি কমবে।

 

গুগলের মতে, নতুন এই ব্যবস্থা ভুয়া মোবাইল টাওয়ার ও ‘এসএমএস ব্লাস্টার’ ব্যবহার করে ক্ষতিকর বার্তা পাঠানো বা তথ্য সংগ্রহের ঝুঁকি কমাতেও সহায়ক হবে। অ্যান্ড্রয়েড ১২ থেকে ব্যবহারকারীরা চাইলে নিজে ২জি নেটওয়ার্ক বন্ধ করতে পারতেন। তবে অ্যান্ড্রয়েড ১৭-এ অপারেটর পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা চালুর সুযোগ রাখা হয়েছে।


সূত্র: দ্য হ্যাকার নিউজ

বাংলাদেশ সময়: ৮:৪৫:০৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ