ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত, দেওয়া হলো না বি.এডের ভাইভা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত, দেওয়া হলো না বি.এডের ভাইভা
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত, দেওয়া হলো না বি.এডের ভাইভা

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিশাত আফিফা (২৮) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে বি.এড পরীক্ষার ভাইভা দিতে পিরোজপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তার নির্ধারিত ভাইভা পরীক্ষা আর দেওয়া হলো না।

নিহত নিশাত আফিফা ভাণ্ডারিয়ার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (ইংরেজি) ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ভাণ্ডারিয়া থেকে পিরোজপুর বি.এড কলেজে ভাইভা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি।

পথে উপজেলার চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিশাত আফিফা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিশাত আফিফা উপজেলার পুরাতন স্টিমারঘাট এলাকার বাসিন্দা বায়জীদ হোসেনের স্ত্রী। তিনি তিন বছরের এক শিশুসন্তান রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:০৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ