
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে স্থানীয়রা তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটকরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপর আটক জাকারিয়া শেখের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা।
পুলিশ জানায়, স্থানীয় রেজাউল শেখের বাগানে শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা দুজনকে ঘিরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি রামদাসহ দুটি দেশীয় অস্ত্র, দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দুজনকে হেফাজতে নেয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এএ/এমআর