বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে যুবক আহত

হোম » বরগুনা » বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে যুবক আহত
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


বরগুনায়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের আক্রমণের মুখে গাছ থেকে পড়ে দবির উদ্দিন হাবিব (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে বরগুনা পৌরসভার দক্ষিণ বরগুনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বরগুনা এলাকার বেল্লাল হোসেনের বাড়ির প্রায় ৪০ ফুট উঁচু একটি নারিকেল গাছে ওঠেন প্রতিবেশী দবির উদ্দিন হাবিব। তাঁর সঙ্গে একটি করাত ও রশি ছিল। গাছে উঠে তিনি করাত দিয়ে ছয়টি ডাব কেটে নিচে ফেলেন। পরে রশির সাহায্যে ডাবগুলো নামানোর সময় গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগে।

এ সময় ভিমরুলের দল তাঁকে আক্রমণ করলে আতঙ্কিত হয়ে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করেন হাবিব। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় হাবিবের চিৎকার শুনে বাড়ির মালিক বেল্লাল হোসেন বাইরে এসে তাঁকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বরগুনা সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেল্লাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে সাহায্যের জন্য চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি হাবিব গাছের নিচে পড়ে আছেন এবং পাশে কয়েকটি কাটা ডাব পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানাই।

তিনি অভিযোগ করেন, হাবিবের বিরুদ্ধে এর আগেও এলাকায় চুরির অভিযোগ রয়েছে।

বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবির উদ্দিন হাবিবকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৪১ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ