গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

হোম » পটুয়াখালী » গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


 

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় নিজ সংসদীয় এলাকার উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক। সরকারি সেবা সহজীকরণ, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ সভায় আলোচনা হয়।

 

সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সরকারি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মতবিনিময় সভায় কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সমাজসেবা, নারী ও শিশু উন্নয়ন, অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম সাইয়ুম এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভা শেষে প্রতিমন্ত্রী নুরুল হক উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ